গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে তাঁর বাড়িতে আগুন দেওয়া হয় এবং দুপুরের দিকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার পরপরই জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান মুসাদ্দিককে ফোন করে সার্বিক খোঁজখবর নিয়েছেন।
ডাকসু নেতা মুসাদ্দিক আলী প্রথম আলোকে জানান, তাঁর পরিবার ঢাকায় বসবাস করলেও গ্রামের বাড়িতে নিয়মিত যাতায়াত রয়েছে। তাঁর মেজ ভাই গত কয়েক বছর ধরে গ্রামে থাকছেন এবং বাবা প্রতি সপ্তাহে ঢাকা থেকে এলাকায় আসা-যাওয়া করেন। গত এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বাড়ি আক্রমণের বিষয়ে উসকানিমূলক প্রচার চালাচ্ছিল। এই আশঙ্কায় তিনি তাঁর বাবাকে গ্রামে যেতে নিষেধ করেছিলেন। হামলার সময় বাড়িতে তাঁর বাবা-মা না থাকলেও ফুপুসহ অন্যান্য আত্মীয়স্বজন ছিলেন। হামলার এক-দুই মিনিট আগে পরিস্থিতি আঁচ করতে পেরে তাঁরা নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হন।
মুসাদ্দিক আলী অভিযোগ করেন, সাবেক অবৈধ সরকারের মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ এই হামলা চালিয়েছে। তিনি আরও জানান, হামলাকারীরা মুকসুদপুর থানাও পুড়িয়ে দিয়েছে, যার ফলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের আরেকটি ন্যক্কারজনক দৃষ্টান্ত। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে হামলার আগে ভুলবশত তাঁর ফুপুর বাড়িতে আগুন দেওয়া হয়। হামলার আশঙ্কার বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ডাকসু অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এদিকে, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফোনে মুসাদ্দিক আলীর সঙ্গে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি মুসাদ্দিক ও তাঁর পরিবারকে ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন এবং তাদের জন্য দোয়া করেছেন বলে মুসাদ্দিক গণমাধ্যমে জানিয়েছেন।

