জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দাম (৩২) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম উপজেলার ৭ নম্বর সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের বাসিন্দা তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে জগন্নাথপুর আসছিলেন। পথে মাদ্রাসা পয়েন্ট ও ভবের বাজারের মধ্যবর্তী মোল্লাবাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তী সময়ে আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।