যুক্তরাষ্ট্রে ব্যাংকিং সেবায় প্রযুক্তিগত ত্রুটি, গ্রাহকদের চরম ভোগান্তি

সোমবার জেপি মরগ্যান চেজের অভ্যন্তরীণ হার্ডওয়্যার সিস্টেমে একটি সফটওয়্যার ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বড় কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংকিং লেনদেনে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এই যান্ত্রিক জটিলতার ফলে ওয়েলস ফার্গো, ব্যাংক অফ আমেরিকা, ইউএস ব্যাংক, ট্রুইস্ট এবং ক্যাপিটাল ওয়ানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের হাজার হাজার গ্রাহক অর্থ পরিশোধ ও অনলাইন ব্যাংকিং সেবা পেতে সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেক ব্যবহারকারী ‘জেলে’ (Zelle) পেমেন্ট প্রক্রিয়াতেও বিলম্বের অভিযোগ করেছেন।

জেপি মরগান চেজের মুখপাত্র জো ইভানজেলিস্টি নিশ্চিত করেছেন যে, এটি কোনো সাইবার হামলার ঘটনা নয়, বরং তাদের নিজস্ব হার্ডওয়্যার সিস্টেমে থাকা সফটওয়্যার ত্রুটির কারণে লেনদেন প্রক্রিয়াকরণে ধীরগতি তৈরি হয়েছিল। তিনি স্পষ্ট করেন যে, এটি সামগ্রিক ব্যবস্থার ত্রুটি নয়; মূলত চেজের সঙ্গে জড়িত লেনদেন প্রক্রিয়াকরণের সময় অন্য ব্যাংকগুলোর গ্রাহকরা এই জটিলতায় পড়েছেন। তবে চেজ তাদের গ্রাহকদের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ ছিল না—এমন অভিযোগ অস্বীকার করেছে।

বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ২টার দিকে এই সমস্যা সংক্রান্ত অভিযোগের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। দিন গড়িয়ে যাওয়ার সাথে সাথে অভিযোগের সংখ্যা হ্রাস পায়।

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এই বিভ্রাট নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। ইউএস ব্যাংক জানিয়েছে, তাদের নিজস্ব সিস্টেমে সরাসরি কোনো প্রভাব পড়েনি, তবে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত লেনদেনে বিলম্ব হতে পারে। অন্যদিকে, ক্যাপিটাল ওয়ান এবং ট্রুইস্ট দাবি করেছে যে তাদের সেবাগুলো স্বাভাবিকভাবেই কাজ করছিল।

ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ লেনদেনের মাধ্যম ‘জেলে’ জানিয়েছে, তাদের নেটওয়ার্ক পুরোপুরি সচল রয়েছে। এই ব্যবস্থাটি অ্যারিজোনা-ভিত্তিক কোম্পানি ‘আর্লি ওয়ার্নিং সার্ভিসেস’-এর মালিকানাধীন, যার অংশীদার ব্যাংক অফ আমেরিকা, ক্যাপিটাল ওয়ান, জেপি মরগান চেজ, পিএনসি ব্যাংক, ট্রুইস্ট, ইউএস ব্যাংক এবং ওয়েলস ফার্গোর মতো বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা বলছেন, জেলে ব্যবস্থা সচল থাকলেও এর সঙ্গে যুক্ত ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থায় ত্রুটি থাকলে গ্রাহকরা অর্থ লেনদেনে সমস্যার মুখে পড়তে পারেন।