১২ দিনে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ যানবাহনে আগুন, জানাল পুলিশ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নানা তৎপরতাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এই সহিংসতার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ চালানো হচ্ছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশ করা এক পরিসংখ্যানে জানা যায়, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। একই সময়ে ৭৪টি সাধারণ পরিবহন ও পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও যানবাহনেও হামলা চালানো হয়। পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে এবং দুটি পুলিশ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাশাপাশি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের একটি গাড়ি। এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ মোট ৩৮টি মামলা করেছে এবং ৬৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে ঠিক কতটি মামলা হয়েছে, সে বিষয়ে পৃথক কোনো মোট পরিসংখ্যান প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর।

ধারাবাহিক এই অস্থিতিশীল পরিস্থিতিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের যানবাহন ও স্থাপনায় হামলা চালানো আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রাহ, নজরদারি ও টহল জোরদার করা, চেকপোস্ট বসানো এবং যেকোনো ঘটনার পর দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছানোর কার্যক্রম সার্বক্ষণিক চালু রাখা হয়েছে।

সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা আরও উল্লেখ করেন, নিষিদ্ধ সংগঠন ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যাতে নতুন করে কোনো নাশকতা না চালাতে পারে, সে জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আইনি আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।