ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বাহিনীর তিন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।
এক আদেশের মাধ্যমে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগের ডিসি মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য একটি আদেশে এডিসি পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ডিবি-মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে এবং ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এডিসি মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে বদলি করা হয়েছে। এছাড়া গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এডিসি মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে ডিবি-রমনা বিভাগের এডিসি মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের এডিসি মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।

