সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা ১৪১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ২১ হাজার ৯৩৩ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার রাত পর্যন্ত মোট ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ৬৬টি ছিল সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, বাতিল হওয়া ৭৫টি ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট। এসব যাত্রীর বিভিন্ন দেশে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নিজ নিজ দেশ থেকে ফ্লাইট বাতিল করায় ঢাকা থেকে যাত্রী পরিবহন সম্ভব হয়নি।
এর আগে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এই পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছিল।
