ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাছ চাষের ২৫টি পুকুরের তলদেশের পলি এবং চাষকৃত মাছের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকেরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক বদিউজ্জামান খানের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় মাছের মাধ্যমে জলজ খাদ্যশৃঙ্খলে প্লাস্টিকের ক্ষুদ্র কণার প্রবেশের বিষয়টি উঠে এসেছে। চলতি মাসে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী এনভায়রনমেন্টাল পলিউশন-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। মিঠাপানির চাষের মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে এ ধরনের সমন্বিত গবেষণা বাংলাদেশে এই প্রথম বলে জানিয়েছেন গবেষকেরা।
গবেষকেরা শীতকালে ত্রিশালের ২৫টি মাছ চাষের খামার থেকে নমুনা সংগ্রহ করেন। সব কটি পুকুরের তলদেশের পলিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, যার মধ্যে অধিকাংশ নমুনাতেই মাঝারি থেকে উচ্চ মাত্রার দূষণের ইঙ্গিত মিলেছে। পলিতে প্রতি কেজিতে গড়ে ১১ দশমিক ০৪টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। দূষণভার সূচকের মান ১ থেকে ৪ দশমিক ৫ পর্যন্ত হওয়ায় এলাকাটিকে মাঝারি থেকে উচ্চ দূষণযুক্ত হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এছাড়া ছয় প্রজাতির মোট ১৫০টি মাছ পরীক্ষা করে ৯০টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে। প্রতিটি মাছে গড় কণার সংখ্যা ছিল শূন্য দশমিক ৬০।
প্রজাতিভেদে কণা গ্রহণের হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। গবেষণায় সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে সরপুঁটি মাছে, যেখানে প্রতিটি মাছে গড়ে ১ দশমিক ২০টি কণা মিলেছে। রুই ও মৃগেলের ক্ষেত্রে এ গড় ছিল শূন্য দশমিক ৬৮টি। অন্যদিকে কাতলা, কমন কার্প ও পাঙাশ মাছের নমুনায় তুলনামূলক কম কণা পাওয়া গেছে। মাছের বসবাসের স্তর বিবেচনায় তলদেশে বসবাসকারী মাছের মধ্যে মোট শনাক্ত কণার ৫২ শতাংশ পাওয়া গেছে। তলদেশ ও পানির মধ্যবর্তী স্তরে চলাচলকারী মাছের ক্ষেত্রে এ হার ৩৫ শতাংশ এবং পানির উপরিভাগের কাছাকাছি বসবাসকারী মাছের ক্ষেত্রে ১৩ শতাংশ।
গবেষণায় পলিথিন (পিই) ও পলিপ্রপিলিন (পিপি) প্রধান মাইক্রোপ্লাস্টিক পলিমার হিসেবে শনাক্ত হয়েছে। অধ্যাপক বদিউজ্জামান খান জানান, মাছের পরিপাকতন্ত্রে মূলত এসব কণার উপস্থিতি পাওয়া গেছে। তিনি বলেন, মাছকে খাওয়ানো কিছু ফিড এবং বন্যার পানির মাধ্যমে পুকুরে এসব কণা প্রবেশ করতে পারে। তবে গবেষণায় পাওয়া পলিমারের ধরন থেকে নির্দিষ্ট কোনো উৎসকে এককভাবে দায়ী করা সম্ভব নয়।
ত্রিশাল উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, এই উপজেলায় ২২ হাজার পুকুরে বছরে ৭২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন জানিয়েছেন, পুকুরের পাড়ে পোলট্রি খামার থাকার কারণেও মাছের পুকুরে দূষণ হতে পারে, যা রোধে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।
মাইক্রোপ্লাস্টিক মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিমুল হালদার জানান, পলিথিন অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত হওয়ায় রান্নার উচ্চ তাপেও এটি সহজে নষ্ট হয় না। এটি মানুষের যকৃত ও কিডনির কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম বলেন, মাছ চাষের পরিবেশে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়া উদ্বেগের বিষয়, তবে দূষণের মাত্রা ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
