২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলো উল্লেখযোগ্য হারে

২০২৭ সালের হজের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তথ্যানুযায়ী, সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজের আওতায় মক্কায় হারাম শরিফের বাইরের চত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মিনায় জোন-৭-এর তাঁবুতে এবং 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সেবা প্রদান করা হবে।

সরকারি হজ প্যাকেজ-২ বা সাশ্রয়ী প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ ক্ষেত্রে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এর তাঁবুতে এবং 'সার্ভিস প্যাকেজ-৩' অনুযায়ী সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ধর্মমন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালে মিনা-আরাফায় চারটি সার্ভিস প্যাকেজ থাকলেও ২০২৭ সালে তা কমিয়ে তিনটি করা হয়েছে এবং 'ডি' সার্ভিস প্যাকেজটি বাদ দেওয়া হয়েছে। হাজিদের সেবার মান উন্নয়নে বোর্ড ক্যাটাগরি বাধ্যতামূলক করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানান, ২০২৩ সালে বিমান ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা এবং ২০২৫ সালে ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যে দেশেই থাকুন না কেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন। সরকার ভবিষ্যতে প্রবাসীদের অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ তৈরির বিষয়ে কাজ করছে।

হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং পরবর্তী সময়ে পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করা যাবে। হজে গমনের জন্য পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।