ত্রয়োদশ জাতীয় সংসদে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে সর্বদলীয় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সরকারকে বাস্তবে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঐক্যের তাগিদ দেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐতিহাসিক ঐক্য গড়ে উঠেছিল, তা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। গণতান্ত্রিক অগ্রযাত্রা বজায় রাখা এবং পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো চক্রান্ত নস্যাৎ করতে সরকারি দল, বিরোধী দলসহ সংসদের ভেতরে ও বাইরের সব রাজনৈতিক দলকে সম্মিলিত ভূমিকা পালন করতে হবে।
দেশের চলমান নিরাপত্তা ও অস্থিতিশীলতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, একটি চক্র বিভিন্ন সুযোগ নিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সীমান্তের ওপার থেকে নানা কর্মসূচির নির্দেশনা দিয়ে কখনো ধর্মের দোহাই, কখনো হরতাল বা ভিন্ন নামে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। এসব চক্রান্ত প্রতিরোধে রাজনৈতিক বিভেদ ভুলে সব পক্ষকে এক থাকার আহ্বান জানান তিনি, যেন ফ্যাসিবাদী শক্তি কোনোভাবেই আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষে সেটির প্রতিক্রিয়া জানিয়ে কথা বলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের যে ঐক্য গড়ে উঠেছিল, তা দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা। সেই ঐক্যের মূল ভিত্তিকে ধারণ করেই আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অতীত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটিয়ে দেশের মানুষকে আবারও কোনো নিপীড়নমূলক পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া যাবে না।
ডা. শফিকুর রহমান আরও জোর দিয়ে বলেন, সংসদে শুধু বক্তব্য বা রাজনৈতিক আলোচনার ওপর নির্ভর না করে ফ্যাসিবাদ প্রতিরোধে সুনির্দিষ্ট ও কার্যকরী পদক্ষেপ দেখতে চায় দেশের মানুষ। সংসদীয় গণতন্ত্রে মতামত ও দৃষ্টিভঙ্গির অমিল থাকা স্বাভাবিক এবং এসব নিয়ে বিতর্ক চলবে। কিন্তু জাতীয় নিরাপত্তা, দেশের ভবিষ্যৎ এবং ফ্যাসিবাদী শক্তির পুনরাবৃত্তি ঠেকানোর প্রশ্নে সবাইকে দায়িত্বশীল অবস্থান বজায় রাখার আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় নেতার প্রতিক্রিয়া শেষ হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যে কিছু অম্লমধুর মন্তব্য থাকলেও জাতীয় ঐক্যের বিষয়ে তাঁর ইতিবাচক মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদে মতপার্থক্য ও সমালোচনা থাকবে এবং তা সংসদীয় রীতি-নীতি মেনেই পরিচালিত হবে, তবে জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তিনি মন্ত্রীর বক্তব্যের শেষাংশ থেকে কথা শুরু করতে চান। জাতীয় ঐক্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের

