কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারসহ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) আরসার একজন কমান্ডার এবং কোফায়েত উল্লাহ ওরফে আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেপ্তার হওয়া অপর আরসা সদস্যের নাম আব্দুল হাফেজ (২২)। তিনিও উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, আরসা কমান্ডার মুছা ও তার সহযোগী আব্দুল হাফেজ ৬ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকে কামাল হোসেনের বাসায় অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে গোপনে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে নৌকারমাঠ পুলিশ ক্যাম্প-৩-এর ইন্সপেক্টর (অপারেশন) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দা সদস্যদের একটি যৌথ দল সেখানে আকস্মিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আরসা কমান্ডার মুছা হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। উখিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, হত্যা এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি এবং মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
১৪ এপিবিএনের অধিনায়ক রিয়াজ আমীন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরসার দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোহাম্মদ আলম ওরফে মুছার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যেকোনো ধরনের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ১৪ এপিবিএনের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

