পিএইচপি ত্রুটির কারণে সরকারি সেবা প্ল্যাটফর্ম মাইগভ ডট বিডি বন্ধ

পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিরাপত্তা ত্রুটি মোকাবিলায় সরকারি অনলাইন সেবা প্ল্যাটফর্ম মাইগভ ডট বিডি (mygov.bd) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার রাত থেকে ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করলে ‘ওয়েব সার্ভার ইজ ডাউন’ বার্তা দেখা যাচ্ছে। সরকারি বিভিন্ন দপ্তরের নাগরিক সেবা পাওয়ার এই প্ল্যাটফর্মটি বন্ধ থাকায় সেবাগ্রহীতাদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে।

এটুআইয়ের (অ্যাসপায়ার টু ইনোভেট) একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, পিএইচপির সর্বশেষ নিরাপত্তা ত্রুটি নিরসনে ওয়েবসাইটের সংস্করণ হালনাগাদ করার কাজ চলছে। মাইগভের অধীনে থাকা অনেকগুলো ডোমেইন একসঙ্গে হালনাগাদ করার প্রক্রিয়ার অংশ হিসেবে এটি বন্ধ রাখা হয়েছে। নতুন সংস্করণে যাওয়ার পর সেবাগুলো সঠিকভাবে কাজ করছে কি না, তা কয়েকটি ধাপে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

মাইগভের মাধ্যমে নাগরিকরা বিদেশগামী শিক্ষার্থীদের শিক্ষাগত সনদ সত্যায়নসহ ই-অ্যাপোস্টিল সেবা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের ৪৪০টি সেবা অনলাইনে গ্রহণ করে থাকেন। এটুআইয়ের তথ্যমতে, প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় হাজার মানুষ এই প্ল্যাটফর্ম থেকে সেবা নিয়ে থাকেন। ওয়েবসাইটটি বন্ধ থাকায় এসব সেবা প্রত্যাশীরা বিপাকে পড়েছেন। মাইগভের ফেসবুক পেজেও জরুরি রক্ষণাবেক্ষণের ঘোষণা দিয়ে আজ রাত ১২টার মধ্যে ওয়েবসাইট সচল করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সেবা পেতে বিকল্প ব্যবস্থার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

উল্লেখ্য, সম্প্রতি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই ত্রুটির মাধ্যমে হ্যাকাররা সার্ভারে অননুমোদিত প্রবেশ বা ক্ষতিকর কোড চালানোর সুযোগ পেতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। এর আগে একই কারণে বাংলাদেশ ব্যাংক, ডিজিটাল ভূমিসেবাসহ বেশ কিছু সরকারি ও বেসরকারি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এটুআই সূত্র বলছে, শুরুতে মাইগভের ওয়েবসাইট সচল রেখেই হালনাগাদের কাজ করা হচ্ছিল, তবে পরে কারিগরি কারণে এটি পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সবার হাতে কি সব সময় ৫–৮ কার্যদিবস সময় থাকে?