দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের রাজধানী দোহা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (১৭ আগস্ট) রাতে তিনি এই সফরের উদ্দেশ্যে রওনা হবেন। জ্বালানি পণ্যের বাজারে বিদ্যমান অস্থিরতা নিরসন এবং উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। মূলত কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল–থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য এই সফর নির্ধারিত হয়েছে।
জ্বালানি সংকটের এই বিশেষ সময়ে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও কাতারে যাচ্ছেন। এছাড়াও প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির রয়েছেন।
সফরের আলোচ্যসূচিতে জ্বালানি সরবরাহ, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসী কর্মীদের বর্তমান পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সফর শেষে বুধবার রাতে প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।

