চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে ধুমধুমপুর এলাকা থেকে ডেভিডকে আটক করা হয়েছে এবং তাকে চট্টগ্রামে আনার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, ডেভিড ইমন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সাজ্জাদের হয়ে চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে ইমনের বিরুদ্ধে। সম্প্রতি চট্টগ্রামের বাকলিয়া এলাকার 'ডিজিটাল ডট নেট' নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে দুই কোটি টাকা এককালীন এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় তার নাম উঠে আসে। চাঁদা দিতে অস্বীকার করায় ওই প্রতিষ্ঠানে ৩০-৪০ জনের একটি দল ভাঙচুর ও লুটপাট চালায়।
র্যাব ও পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ওই হামলার পেছনে ডেভিড ইমনের হাত ছিল এবং হামলাকারীদের জনপ্রতি মাত্র ৫০০ টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল। এই ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করে। এর আগে গত ২৭ জুলাই পুলিশ বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ইমনের দুই সহযোগী আসিফ ও সাইদুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে। সে সময় তাদের কাছ থেকে ইতালির তৈরি একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছিল। সহযোগীদের গ্রেপ্তারের দুই দিনের মাথায় এবার মূল হোতা ডেভিড ইমনও পুলিশের হাতে ধরা পড়লেন।

