ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। জাহ্নবীর করা এই মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট এবং তার নাম বা পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবী কাপুর প্রায় সাত হাজার লিংকের বিষয়টি মামলায় উল্লেখ করেছিলেন। এর মধ্যে ৫৫২টি ইউআরএলকে অশালীন ও আপত্তিকর হিসেবে চিহ্নিত করে আদালত সেগুলো অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, এসব কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছেন, কোনো তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজকে স্বয়ংক্রিয়ভাবে বেআইনি বলা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে এসব পেজে তারকার ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা গঠনমূলক সমালোচনা থাকে। শুধুমাত্র নাম বা ছবি ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত নয়। তবে কোনো পেজে যদি অশালীন কনটেন্ট প্রচার করা হয় কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আদালত মন্তব্য করেছেন।
উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা ‘পেড্ডি’-তে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন রাম চরণ ও শিবরাজ কুমার।

