চলচ্চিত্রের শুটিংয়ে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক বার্তায় তিনি লেখেন, অভিনেতা সোহেল খান কিছুক্ষণ আগে শুটিং সেটে অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল খান ‘নসীব’ নামের একটি সিনেমার দৃশ্যধারণে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানকার মমইন এলাকায় শুটিং চলাকালে হঠাৎ হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

