বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৬টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এই তদন্তের ফলাফল বুধবার প্রকাশ করতে পারেন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগের ভিত্তিতে এই শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু হয়েছে।
তালিকায় থাকা দেশ ও জোটগুলো হলো বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। গত ১১ই মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে এই তদন্তের যাত্রা শুরু হয়েছিল। মার্কিন প্রশাসনের দাবি, এসব দেশ তাদের শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা প্রদান করায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে সস্তা পণ্যে বিশ্ববাজার সয়লাব হয়ে মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের পূর্বের বৈশ্বিক শুল্ক বাতিল করার পর এই নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে।
নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো স্পষ্ট নয়, তবে প্রতিটি দেশের জন্য ভিন্ন হার নির্ধারণের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, চূড়ান্ত বাণিজ্য চুক্তি থাকা দেশগুলোর ক্ষেত্রে নির্ধারিত শুল্কসীমা বজায় থাকতে পারে। উদাহরণস্বরূপ, চীন ১০ই জানুয়ারি পর্যন্ত নতুন শুল্ক আরোপে বিরতি পাওয়ায় ২০ শতাংশ সীমা বহাল থাকতে পারে। তবে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো পণ্য এই নতুন শুল্কের আওতামুক্ত থাকতে পারে। সাবেক জ্যেষ্ঠ মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরুস জানান, ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির জন্য ভারত দীর্ঘদিন ধরে চেষ্টা চালালেও এখনো সমঝোতা হয়নি। নয়াদিল্লি মার্কিন বাজারে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনায় কম শুল্ক সুবিধা পাওয়ার চেষ্টা করছে। এছাড়া ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে। রয়টার্সের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিনি এই শুল্ক বাতিলের পক্ষে মত দিয়েছেন।

