কলকাতা ও শিলিগুড়িতে নতুন ঠিকানায় বাংলাদেশ ভিসা কেন্দ্র

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা পরিবর্তন করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন ঠিকানায় ভিসার আবেদন জমা এবং ভিসা সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ খবর প্রকাশ করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতার ভিসা কেন্দ্রটি সল্টলেকের সিমসিস টাওয়ারের প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপি, সেক্টর ফাইভে স্থানান্তর করা হচ্ছে। অন্যদিকে, শিলিগুড়ির নতুন ভিসা কেন্দ্রটি সেবক রোডের সিটি মলের দ্বিতীয় তলায় কার্যক্রম শুরু করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে এই দুটি কেন্দ্রের ভিসা-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস। এর আগে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড এই কেন্দ্রগুলো পরিচালনার দায়িত্বে ছিল। তবে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির ভিসা আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।

পুরোনো কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার খবরে ভিসা আবেদন করতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের মধ্যে কিছুটা উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছিল। তবে উপদূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, ভিসা কার্যক্রম বন্ধ হবে না। নতুন ঠিকানায় দুটি কেন্দ্র চালুর ঘোষণা দেওয়া হয়েছে, ফলে ১ ডিসেম্বর থেকে নতুন কেন্দ্রের মাধ্যমেই ভিসার আবেদন ও সংগ্রহের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।