যমুনার অভিশপ্ত বালুচর এখন কৃষকদের জন্য সোনার ফসল ফলানোর মাঠ

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা ও ইছামতি নদীর চরাঞ্চল এখন ধান, মরিচ, চিনা বাদাম, পাট, আখ, মিষ্টি কুমড়া, সূর্যমুখী, কাউন, সবজি ও ভুট্টাসহ নানা ধরনের ফসলে পরিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘ সময় ধরে এসব জমি পতিত থাকলেও বর্তমানে কৃষকরা সেখানে চাষাবাদ করে দারুণভাবে লাভবান হচ্ছেন। এক সময়ের অভিশপ্ত ধু-ধু বালুচর এখন কৃষকদের জন্য আশীর্বাদে পরিণত হয়েছে। কৃষকরা এখন জমিতে নিড়ানি দেওয়া, পরিপক্ব ফসল তোলা বা নতুন ফসল আবাদে ব্যস্ত সময় পার করছেন।

কাজীপুর উপজেলার অধিকাংশ এলাকা চরাভূমি বেষ্টিত। অতীতে সেচ সুবিধার অভাবে এসব জমি পড়ে থাকত। তবে গত কয়েক বছর ধরে কৃষকরা জমিতে বোরিং করে ইঞ্জিনচালিত শ্যালোমেশিনের সাহায্যে পানি উত্তোলন করছেন। পলিথিন বা প্লাস্টিকের পাইপ ব্যবহার করে উঁচু-নিচু জমিতে সেচ সুবিধা নিশ্চিত করায় নদীর উজান থেকে নেমে আসা পলি মাটিতে প্রচুর ফসল উৎপন্ন হচ্ছে।

উপজেলার খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, মনসুর নগর, শুভগাছা ও চরগিরিশ ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে সরেজমিনে দেখা গেছে, সেখানে ধান, মরিচ, পাট, বাদাম, তিল, কাউন, আখ, সরিষা, পেঁয়াজ, গম, রসুন, সবজি, মিষ্টি কুমড়া ও ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে। কৃষকরা ঘোড়ার গাড়িতে করে উৎপাদিত ফসল বাজারজাত করতে নিয়ে যাচ্ছেন। কৃষক সালাম জানিয়েছেন, এ বছর চরাঞ্চলের উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছেন তারা।

কাজীপুর উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় মোট ফসলি জমি ৪৭,০৭০ হেক্টর এবং নদী ৪৫৪০ হেক্টর। চলতি বছর এখানে ৯,৩৫০ হেক্টর জমিতে ভুট্টা, ৫,৬৪৫ হেক্টর জমিতে পাট, ১,২২৫ হেক্টর জমিতে সরিষা, ৯৫০ হেক্টর জমিতে আমন ধান, ৮৮১ হেক্টর জমিতে বাদাম, ৮২০ হেক্টর জমিতে শীতকালীন সবজি, ৪৫০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি, ৭ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া, ৬০৫ হেক্টর জমিতে আলু, ৫ হেক্টর জমিতে শাকসবজি, ৮৫ হেক্টর জমিতে মিষ্টি আলু, ৩৫০ হেক্টর জমিতে গম, ৪০ হেক্টর জমিতে আখ, ৭৬ হেক্টর জমিতে রসুন, ৩০ হেক্টর জমিতে কালোজিরা, ২৪০ হেক্টর জমিতে পেঁয়াজ, ৭১৫ হেক্টর জমিতে মাসকালাই, ৪৫০ হেক্টর জমিতে খেশারী, ১০০ হেক্টর জমিতে কাউন, ৪৯০ হেক্টর জমিতে তিল, ৩২০ হেক্টর জমিতে মসুরসহ বিভিন্ন জাতের ডাল ও তিসি চাষাবাদ চলছে।

চরগিরিশ ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম জানান, আগে পানি সেচের অভাবে শুধু বাদাম, কাউন ও খেরাচি চাষ হতো। এখন শ্যালোমেশিন ও পাইপের মাধ্যমে সেচ দিয়ে তারা সোনার ফসল ফলাচ্ছেন। শুভগাছা গ্রামের কৃষক আলীম উদ্দিন বলেন, গত বছর ৫ বিঘা জমিতে ভুট্টা, ৩ বিঘা জমিতে মরিচ, ১ বিঘা জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করে বেশ লাভবান হয়েছেন এবং এসব দুই ফসলি জমিতে পাটেরও বাম্পার ফলন পেয়েছেন। এ বছরও মরিচ, ভুট্টা, মিষ্টি কুমড়া, বাদামসহ বেশকিছু ফসলের আবাদ করেছেন এবং ভালো ফলন হয়েছে।

কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, কৃষি অফিসের পরামর্শে আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের ফসল চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। অনেক বেকার যুবক এখন কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এক সময়ের পতিত চরাঞ্চল আজ নানা ফসলে সমৃদ্ধ হয়ে অভিশাপ থেকে মুক্ত হয়েছে।