বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে দীপিকার পরা একটি বিশেষ গয়নার ছবি ছড়িয়ে পড়েছে। ওই গয়নার একটি পাথরে আরবি ভাষায় ‘ফি আমানিল্লাহ’ শব্দবন্ধ খোদাই করা ছিল, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।
২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় দীপিকা ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা ‘লখনউ রোজ’ নামের একটি বিশেষ নেকলেস পরেছিলেন। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ হিসেবে তৈরি এই গয়নাটি ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সংমিশ্রণে তৈরি। এতদিন পর্যন্ত এটি কেবল দীপিকার ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পরিচিত থাকলেও, কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর পুরোনো ছবিটি আবারও সামনে এসেছে।
উল্লেখ্য, ২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খান ডিজাইনার পুনিত বালানার নকশা করা পোশাকের সঙ্গে ভোপালের রাজপরিবারের ঐতিহ্যবাহী একটি পান্নার লকেট পরেছিলেন। ৩০ ক্যারেটের ওই লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। এই ঘটনায় গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ ব্যক্তিগত অবস্থান থেকে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। নোটিশে ধর্মীয় আয়াতের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে লকেটের ছবি ও ভিডিও সরিয়ে ফেলা এবং ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
কারিনার পরা লকেটটি ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের মেয়ে সাজিদা সুলতানের মাধ্যমে পতৌদি পরিবারের সংগ্রহে এসেছে। এই বিতর্কের মাঝে কারিনার প্রতি সমর্থন জানিয়েছে হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের মতো ভোপালের কয়েকটি সংগঠন। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ ও ‘ব্রুট ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, কারিনা কাপুর খান বা রিয়া কাপুর এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে দুই অভিনেত্রীর গয়নায় ধর্মীয় বার্তা ও প্রতীকের ব্যবহার নিয়ে নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্ক ও আলোচনা চলছে।

