আগস্টের ২৪ দিনে ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২৩৪ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২.৭৫ টাকা বিনিময় হার ধরে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২৮ হাজার ৭২৩ কোটি টাকা। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের এই ২৪ দিনে প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা গেছে। গত বছরের (২০২৫) একই সময়ের তুলনায় এ বছর প্রবাসী আয় ২৫.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি ১০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৪ আগস্ট পর্যন্ত মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৯ কোটি ৮০ লাখ (৫.১৯৮ বিলিয়ন) ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ২৪ আগস্ট) এই আয় ছিল ৪৩৩ কোটি ৯০ লাখ (৪.৩৩৯ বিলিয়ন) ডলার। সেই হিসেবে চলতি অর্থবছরের ২৪ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বছরভিত্তিক প্রবৃদ্ধির হার ১৯.৮ শতাংশ।