জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী রাউতেলা

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী উর্বশী রাউতেলা আবারও নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে বিচারকের দায়িত্ব পালন করার সময় তার পরনের পোশাকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনুষ্ঠানের মঞ্চে তাকে ভারতের জাতীয় পতাকার তিনটি প্রধান রঙ—গেরুয়া, সাদা ও সবুজের সমন্বয়ে তৈরি বিশেষ পোশাকে দেখা যায়। পোশাকটির মাঝখানে নীল রঙের অশোকচক্রের নকশাও ফুটিয়ে তোলা হয়েছিল। এই সাজের সাথে অভিনেত্রী সোনালি ঝালর, বড় হীরার কানের দুল, রুপালি চুড়ি ও ভারী আংটি ব্যবহার করেছিলেন।

পোশাকের এই নকশা প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচনাকারীদের মতে, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা জনসমক্ষে পরা জাতীয় প্রতীকের প্রতি অসম্মানের শামিল। তবে উর্বশীর সমর্থকরা তার প্রশংসায় মেতেছেন। তাদের দাবি, এই পোশাকের মাধ্যমে উর্বশী আন্তর্জাতিক পরিসরে ভারতের প্রতিনিধিত্বের বার্তা দিয়েছেন।

বিতর্কের মুখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন উর্বশী রাউতেলা। তিনি জানান, অনুষ্ঠানটির আগে থেকেই তিনি নিজেকে ‘আমিই ভারত’ হিসেবে অভিহিত করেছিলেন, তাই ওই বিশেষ দিনে তিনি নিজেকে ভারতবর্ষের প্রতিচ্ছবি হিসেবেই উপস্থাপন করতে চেয়েছেন। তার ভাষ্যমতে, পোশাকটি মূলত ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত।

উল্লেখ্য যে, এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়া অনুষ্ঠানটি উর্বশীর জন্য ব্যক্তিগতভাবেও বেশ তাৎপর্যপূর্ণ ছিল। ২০১৫ সালে তিনি নিজেই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জয় করেছিলেন। সেই সময় তাকে মুকুট পরিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর নির্বাচন কমিটির সদস্য হিসেবে সুস্মিতা সেনও উপস্থিত ছিলেন, যা মঞ্চে স্মরণ করেছেন অভিনেত্রী উর্বশী।