শহীদ নাসিব হাসানের স্মরণে সচিবালয়ে দোয়া ও আলোচনা সভা

মঙ্গলবার বিকালে সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের মাগফিরাত কামনায় একটি দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। নাসিব হাসান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম রাজ্জাকের পুত্র ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী শহীদ নাসিব হাসানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ছেলেটির এই অকাল শাহাদাত কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তার পিতা-মাতা সন্তান হারিয়ে যে গভীর শোকে নিমজ্জিত, তা প্রকাশের কোনো ভাষা নেই। মন্ত্রী আরও বলেন, ভুক্তভোগী পরিবারের এই বেদনা অন্য কেউ পুরোপুরি অনুভব করতে পারবে না, তবে আমরা তাদের পাশে থেকে সমবেদনা জানাতে পারি।

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে এই দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ আরও অনেকে।