পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। সরকারি ছুটি এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনগুলোর সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী বুধবার (২৬ আগস্ট) বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ জানিয়েছেন, সরকারি ছুটির কারণে বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম ওইদিন বন্ধ থাকবে। একই তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। তিনি জানান, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীদের সিদ্ধান্ত ও সরকারি ছুটির কারণে বুধবার সকাল থেকে পণ্য পারাপার বন্ধ থাকবে। তবে একদিনের এই বিরতি শেষে পরদিন বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।
বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেছ। তিনি জানান, সরকারি ছুটি থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে এবং জরুরি সেবা ও দাপ্তরিক কার্যক্রম অব্যাহত থাকবে।

