হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা সানাওয়ার আলী (৩৬) ও ইমতিয়াজ আহমেদ (৩৬)।
ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা এই দুই ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। তল্লাশিতে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ৪০ গ্রাম কুশ, ৩ লিটার বিদেশি মদ ও ২৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, দুটি বোর্ডিং কার্ড, চারটি স্মার্টফোন, ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ১৭০ থাই বাথ এবং ১ হাজার ১৭০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করেছেন। ডিএনসি জানিয়েছে, এই ঘটনায় জড়িত বাংলাদেশি সহযোগীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

