বাফুফের অন্দরে জোন্স জটিলতা, উজবেকিস্তান সফরে অনিশ্চয়তা

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে বুধবার উজবেকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের। তবে এই সফরের ঠিক আগের দিন দেশের ফুটবলাঙ্গনে মঞ্চায়িত হলো এক মহানাটক। দলের প্রধান কোচ ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে চাকরিচ্যুত করাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। বাফুফের একটি সূত্র জোন্সকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করলেও, ফেডারেশন থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জোন্সের অনুপস্থিতিতে বয়সভিত্তিক দলটির দায়িত্ব সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সামলানোর কথা শোনা যাচ্ছে।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘না। এমন কোনো সিদ্ধান্ত হয়নি। হতে পারে। হলে আমরা আপনাদের জানিয়ে দেব।’ এদিকে বাফুফের অস্পষ্ট অবস্থানের বিপরীতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বরখাস্তের খবরটি সরাসরি নাকচ করেছেন জেরার্ড জোন্স। তিনি বলেন, ‘ফেডারেশন থেকে বরখাস্ত করার বিষয়ে আমাকে কিছুই বলা হয়নি। এই তথ্যগুলো কোথা থেকে আসছে, তা-ও আমি জানি না। কিন্তু প্রশ্ন হলো, এসব করে লাভ কী? কেন কেউ ভুল বা মিথ্যা খবর পোস্ট করে দলের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে?’

টুর্নামেন্টটি সামনে রেখে গতকাল বিকাল ৪টায় একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে হয়নি। বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংবাদ সম্মেলনটি পিছিয়ে দেওয়া হয়েছে এবং এর নতুন সময় পরে জানিয়ে দেওয়া হবে। এই ঘটনাটি কোচ জোন্সের বরখাস্ত হওয়ার গুঞ্জনকে আরও জোরালো করেছে।

এর আগে যশোরের ক্যাম্প চলাকালে বকেয়া বেতন ও নিরাপত্তার অভাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন জোন্স। এরপর ঢাকায় টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডেকেছিলেন। সর্বশেষ সোমবার ফেসবুক লাইভে এসে তিনি শারীরিক আক্রমণের শিকার হওয়া এবং মারাত্মক নিরাপত্তার অভাব নিয়ে বিস্ফোরক সব দাবি করেন। এমন পরিস্থিতিতেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল উজবেকিস্তান পাড়ি দিচ্ছে। আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, উজবেকিস্তান ও সিরিয়া।