জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বুধবার সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে, তবে প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো হবে।
তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে বলে চিফ হুইপ উল্লেখ করেন। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিলগুলো উল্লেখযোগ্য। সম্পত্তি হস্তান্তর আইনের বিষয়ে তিনি জানান, বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও তাঁরা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার রাখবেন। মূলত সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। উদাহরণ হিসেবে তিনি ভারতের সংবিধান গত ৭৬ বছরে ১০৬ বার সংশোধনের বিষয়টি তুলে ধরেন। সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে, যেখানে বিএনপি থেকে ৭ জন, জামায়াত থেকে ৫ জন এবং অন্যান্য ছোট দল থেকে একজন করে সদস্য রাখার পরিকল্পনা আছে। জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নের লক্ষ্য রয়েছে বলেও তিনি জানান।
বিরোধী দলের ভূমিকা সম্পর্কে চিফ হুইপ বলেন, সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং জবাবদিহি নিশ্চিত করা বিরোধী দলের প্রধান দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল জনগণের সমস্যাগুলো সংসদে তুলে ধরবে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজবে। তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রসহ বড় অবকাঠামোগত সমস্যার সমাধানে সময়ের প্রয়োজন। বিগত সরকারের সময়ে বিদ্যুৎ খাতে করা বিভিন্ন চুক্তি দেশের ওপর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দায় তৈরি করেছে এবং ক্যাপাসিটি চার্জের কারণে জনগণের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। কোনো সরকারের পক্ষে ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

