আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের সাংগঠনিক পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, নির্বাচনের লক্ষ্য নিয়ে নভেম্বরের মধ্যেই দেশের ৫ হাজার ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, আর সেই সময়সীমা মাথায় রেখেই এই প্রস্তুতি নিচ্ছে দলটি।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সারজিস আলম এ কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব। সারজিস আলম জানান, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ৫ হাজার ইউনিয়নে এবং ২০২৭ সালের জুনের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আগামী নির্বাচনে আগ্রহীদের দ্রুত দলের কমিটিতে যুক্ত হয়ে যোগাযোগ করার আহ্বান জানান।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সারজিস আলম বলেন, বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চরিত্র দেখা যাচ্ছে, ভবিষ্যতে তাতে ফ্যাসিবাদী আচরণের আশঙ্কা রয়েছে। তাই নির্বাচনের পর এনসিপির প্রধান লক্ষ্য হবে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা।
সংবাদ সম্মেলনে চট্টগ্রামের স্থানীয় সমস্যা নিয়েও কথা বলেন তিনি। জলাবদ্ধতা ও বেহাল সড়ক নিয়ে মেয়র, এমপি ও প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, বর্ষা শেষ হয়ে শীত এলেই তারা এসব সমস্যার কথা ভুলে যান। পরবর্তীতে আবার বর্ষা এলে লোক-দেখানো নাটক করা হয়। তিনি বর্তমান সরকারের কাছে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে লোক-দেখানো কাজের বদলে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এছাড়া চট্টগ্রামকে আধুনিক ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এনসিপির এই মুখ্য সংগঠক।

