জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে রূপান্তর করেছে। সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বর্তমান সরকারের ১৮০ দিনের ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরেন।
নাহিদ ইসলাম জানান, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১১টি সিটি করপোরেশন এবং ৬৩টি জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এসব পদ এখন মনোনয়ন বঞ্চিত এবং নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে জ্বালানি খাতের সংকটের বিষয়ে তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে, যা গণপরিবহন, সেচ ও সারসহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে গ্যাসের চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে, যার ফলে ঢাকা শহরে চুলা জ্বলছে না এবং শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, সরকার দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর অঙ্গীকার করলেও দুই মাসের মাথায় তা বাড়িয়ে দিয়েছে। এছাড়া লোডশেডিং, ভুতুড়ে বিল এবং ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপছে।
বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত জাতীয় কমিটির সুপারিশগুলো মানা হচ্ছে না। তিনি বলেন, বর্তমানে কোনো সংকট তৈরি হলে দায় ফ্যাসিস্ট বা অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ বর্তমান সরকার অনেক খারাপ পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিল। কৃষকরা সার পাচ্ছে না এবং চড়া দামে তা কিনতে বাধ্য হচ্ছে। এছাড়া স্বাস্থ্যখাতে হাম মহামারিসহ বিভিন্ন সংকটে কোনো বিশেষায়িত হাসপাতাল গড়ে ওঠেনি এবং শিক্ষাঙ্গন দখলের ঘটনা ঘটছে।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৬৭০টি বিএনপি ঘটিয়েছে। এনসিপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, সরকার শুরু থেকেই গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

