মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচন এবং সৌরজগতের বাইরের গ্রহ বা এক্সোপ্ল্যানেটগুলোর সন্ধানে নতুন প্রজন্মের এক অত্যাধুনিক মহাকাশ পর্যবেক্ষণযন্ত্র পাঠাতে প্রস্তুত মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’ নামের এই টেলিস্কোপটি আগামী ৩০ আগস্ট মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স ডেইলি ডটকমের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৬ মিনিটের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে এটি উৎক্ষেপণ করা হবে।
এই মহাকাশ মিশন পরিচালনার জন্য স্পেসএক্সের তৈরি শক্তিশালী ‘ফ্যালকন হেভি’ রকেট ব্যবহার করা হবে। উৎক্ষেপণ প্রক্রিয়াকে সামনে রেখে গত ২১ আগস্ট নাসা, রোমান টেলিস্কোপ প্রকল্প দল এবং স্পেসএক্স যৌথভাবে ‘ফ্লাইট রেডিনেস রিভিউ’ বা চূড়ান্ত পর্যালোচনা সম্পন্ন করেছে। মিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উৎক্ষেপণকেন্দ্র, রকেট এবং মহাকাশযান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং বর্তমানে টেলিস্কোপটিকে ফ্যালকন হেভি রকেটের সুরক্ষামূলক আবরণে নিরাপদে রাখা হয়েছে।
বিজ্ঞানী মহলে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপের যাত্রা এক নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই টেলিস্কোপটির বিশেষত্ব হলো, এটি একই সঙ্গে আকাশের বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম। মহাবিশ্বের ক্রমাগত সম্প্রসারণের কারণ অনুসন্ধান, এর বিবর্তনের ইতিহাস এবং সৌরজগতের বাইরের গ্রহগুলোর গবেষণায় এই মিশন এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে নাসা আশা প্রকাশ করছে।

