গণিত, কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস এবং হাই-পারফরম্যান্স কম্পিউটিং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (বিএএস) ফেলো নির্বাচিত হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মামুন মোল্লা। তিনি দীর্ঘদিনের একাডেমিক ও গবেষণালব্ধ অবদানের জন্য এই সম্মাননা অর্জন করলেন। এর আগে ২০১৯ সালে তিনি একাডেমিটির অ্যাসোসিয়েট ফেলো নির্বাচিত হয়েছিলেন।
অধ্যাপক মামুন মোল্লা ২০১১ সালের সেপ্টেম্বর মাসে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যোগদান করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের (এসইপিএস) রিসার্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধীনে কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন। তার গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বাউন্ডারি-লেয়ার ও টার্বুলেন্ট ফ্লো, ডাইরেক্ট নিউমেরিক্যাল সিমুলেশন, লার্জ-এডি সিমুলেশন, হাইব্রিড আরএএনএস/এলইএস কৌশল, ন্যাচারাল ও মিক্সড কনভেকশন ফ্লো এবং জিপিইউ-ভিত্তিক ল্যাটিস বোল্টজম্যান পদ্ধতি। পাশাপাশি কম্পিউটেশনাল ব্লাড ফ্লো এবং প্যারালাল কম্পিউটিং নিয়েও তার কাজ রয়েছে।
তার শিক্ষাগত জীবনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখান থেকে তিনি গণিতে স্নাতক ও অ্যাপ্লাইড ম্যাথমেটিকসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গণিতে এমফিল সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে বুয়েটে প্রভাষক হিসেবে কাজ শুরু করলেও ২০০৫ সালে ওভারসিজ রিসার্চ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগোতে যান। সেখান থেকে ২০০৯ সালে তিনি পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় পোস্টডক্টরাল রিসার্চ ফেলো হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এই অর্জন প্রসঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী অভিনন্দন জানিয়ে বলেন, এটি অধ্যাপক মামুন মোল্লার একাডেমিক জীবনের পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্যও একটি বড় অর্জন। এই সম্মাননা তাকে গবেষণার অগ্রগতি ও বৈজ্ঞানিক উৎকর্ষ সাধনে আরও অনুপ্রাণিত করবে।
অধ্যাপক মামুন মোল্লা তার প্রতিক্রিয়ায় জানান, এই স্বীকৃতিতে তিনি সম্মানিত বোধ করছেন এবং এটি তাকে বাংলাদেশে বিজ্ঞান ও শিক্ষার প্রসারে আরও কাজ করার উৎসাহ জোগাবে। উল্লেখ্য, গুগল স্কলারে তার গবেষণাকর্ম প্রায় ৩ হাজার ৯০০ বার উদ্ধৃত হয়েছে। এছাড়া তিনি ২০২১ ও ২০২৩ সালে এনএসইউ রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া ২০২৫ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তালিকায় বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর মধ্যেও তিনি স্থান পেয়েছেন।

