বিশ্বের অন্যতম বৃহৎ গেমিং ইভেন্ট ‘গেমসকম ২০২৬’-এ ‘অরাস ইনফিনিটি’ থিম নিয়ে হাজির হচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। জার্মানির কোলনমেসেতে আয়োজিত এই মেলায় গিগাবাইটের বুথটিকে গেমিংপ্রেমীদের জন্য একটি বিশেষ প্লেগ্রাউন্ড হিসেবে সাজানো হচ্ছে। এখানেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে তাদের নতুন ‘অরাস ইনফিনিটি’ সিরিজ।
এই সিরিজের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে এক্স৮৭০ই অরাস ইনফিনিটি নেক্সট মাদারবোর্ড। এতে অ্যারোস্পেস-গ্রেড প্রকৌশলবিদ্যার পাশাপাশি থ্রিডি মেটাল-প্রিন্টিং প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। গিগাবাইট জানিয়েছে, নতুন সিরিজে আরও থাকছে অরাস জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ইনফিনিটি গ্রাফিক্স কার্ড, যেখানে উইন্ডফোর্স হাইপারবার্স্ট কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়াও ১৬ ইঞ্চির সমন্বিত সাইড ডিসপ্লেযুক্ত অরাস সি৫১০ গ্লাস ইনফিনিটি চ্যাসিস এবং নতুন গেমিং পেরিফেরালগুলো দর্শকদের সামনে প্রদর্শন করা হবে।
গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে বিশেষ কর্নারে রাখা হবে অরাস মাস্টার ১৬ এআই গেমিং ল্যাপটপ। এতে গিগাবাইটের নিজস্ব জিমেট এআই এজেন্টের মাধ্যমে রিয়েল-টাইম পারফরম্যান্স টিউনিংয়ের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি অরাস আরটিএক্স ৫০৬০ টিআই এআই বক্সের মাধ্যমে গেমিং ও এআইভিত্তিক কাজের মধ্যে হার্ডওয়্যার রিসোর্স ব্যবস্থাপনার কৌশলও দেখানো হবে। এছাড়া বুথে এফও২৭কিউ২৮জি ও এফও২৭কিউ২৪জি ওএলইডি গেমিং মনিটর, কেবলবিহীন স্টেলথ সিরিজ পিসি, উড সিরিজ এবং অ্যানিমে-অনুপ্রাণিত চরিত্র ‘অরাস আরি’ প্রদর্শিত হবে।
মেলায় অংশগ্রহণকারীরা স্ট্রিট ফাইটার ৬, প্র্যাগমাটা, ফোরজা হরাইজন ৬ এবং স্টার ওয়ার্স জিরো কোম্পানিসহ বিভিন্ন গেম খেলার সুযোগ পাবেন। এছাড়া ভ্যালোরেন্ট চ্যাম্পিয়নস ট্যুর (ভিসিটি) ইএমইএ-এর অফিসিয়াল হার্ডওয়্যার পার্টনার হিসেবে অরাস একটি বিশেষ ভ্যালোরেন্ট চ্যালেঞ্জ আয়োজন করছে, যেখানে সাধারণ গেমাররা পেশাদার খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। গেমসকম উপলক্ষে বিশ্বজুড়ে গেমারদের জন্য একটি অনলাইন ক্যাম্পেইনও চালু করা হয়েছে, যেখানে এক্স৮৭০ই অ্যারো এক্সথ্রিডি উড মাদারবোর্ড ও এমও২৭কিউ২৮জিআর ওএলইডি গেমিং মনিটরসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলা এই মেলায় গিগাবাইট ও অরাসের এই আয়োজন জার্মানির কোলনমেসের হল ৮-এর সি০৫০ নম্বর বুথে দেখা যাবে।

