রাষ্ট্রের কাছে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা প্রাথমিক ও মৌলিক চাওয়া হলেও সরকার তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, গত তিন মাসের সরকারি হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১০ জনের বেশি মানুষ খুনের শিকার হয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার একটি প্রকট দৃষ্টান্ত।
মাওলানা গাজী আতাউর রহমান জানান, গত জুলাই মাসে সারাদেশে খুনের মামলা হয়েছে ২৯৮টি। এর আগের মাসগুলোতে খুনের মামলার সংখ্যা ছিল যথাক্রমে জুনে ৩২৬টি, মে মাসে ৩১০টি, এপ্রিলে ২৮৮টি এবং মার্চে ৩১৭টি। এই পরিসংখ্যান অনুযায়ী, গত তিন মাসে মোট ৯৩৪টি খুনের মামলা নথিভুক্ত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি মাসে ৩১১টি খুনের ঘটনা ঘটছে। এমন ভয়াবহ ও ব্যাপকমাত্রায় খুনের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে এবং ইসলামী আন্দোলনও এ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।
বিএনপি ক্ষমতা গ্রহণের ছয় মাস পার হলেও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তাদের নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার কাজে মনোযোগী নন, বরং তিনি আইন ও সংবিধানের মতো বিষয়গুলো নিয়ে বেশি ব্যস্ত থাকছেন। সরকারপ্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, এভাবে গণহারে মানুষ খুনের ঘটনা সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট করবে, আর আস্থা ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। তিনি অবিলম্বে খুনিদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

