দিনাজপুরে বিএডিসির গুদাম থেকে ২২৭ টন সার গায়েব, আটক ১

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নশিপুর সরকারি সারগুদাম থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার অবৈধভাবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই অনিয়মের ঘটনায় গুদামের দায়িত্বে থাকা স্টোরকিপার মো. আকতারুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ। আকতারুল দিনাজপুরের খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির ওই সারগুদামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্র ও কোতোয়ালি থানা-পুলিশ জানায়, সরকারি গুদাম থেকে অনুমোদনহীনভাবে বিপুল পরিমাণ সার বিক্রির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আকতারুল স্বীকার করেছেন যে, গত জুলাই ও আগস্ট মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি গুদাম থেকে ২২৭ টন সার বিক্রি করেছেন। তিনি এই সারগুলো বিএডিসির চুক্তিবদ্ধ ডিলার বীরগঞ্জ উপজেলার সোহাগ হোসেন (৩৮) ও কাহারোল উপজেলার আনসারুল ইসলামের (৪২) কাছে বিক্রি করার কথা জানিয়েছেন।

বিএডিসি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নশিপুরে কাঞ্চন ও স্টিল নামে দুটি গুদাম রয়েছে, যার ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার টন। বর্তমানে সেখানে এমওপি, ড্যাব ও টিএসপি সার মজুত রয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী জানিয়েছেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে সরকারি সার অবৈধভাবে বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।