দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘পুলিশে চেইন অব কমান্ড ভাঙার আশঙ্কা, পদোন্নতির প্রস্তাবে বিতর্ক’ শিরোনামের একটি সংবাদ ফেসবুকে শেয়ার করার জেরে এসবি’র সুপারনিউমারারি পুলিশ সুপার মো. রেজাউল করিমকে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) তাকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। এই ঘটনার পেছনে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার প্ররোচনা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংযুক্ত হওয়ার পরপরই মো. রেজাউল করিম নিজের ফেসবুক ওয়ালে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লেখেন, ‘আমি সংযুক্ত: আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই। পুলিশ ডিপার্টমেন্টে কেন ভালো কাজ করতে অফিসাররা উৎসাহিত হন না, তার আরেকটা উদাহরণ তৈরি হলো আমার পোস্টিং দিয়ে।’ তিনি আরও উল্লেখ করেন, বিগত ১৫ বছরের চাকরিতে ৯ বছর তাকে ডাম্পিং পোস্টিংয়ে থাকতে হয়েছে। তার মতে, ‘এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট। আমার মতো উচিত কথা বলা, সাহস নিয়ে সত্য বলা, নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবে না।’
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, কয়েক দিন আগে তাদের পদায়ন নিয়ে যুগান্তরে প্রকাশিত একটি নিউজ তিনি শেয়ার করেছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের একজন সিনিয়র অফিসার বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি তার জবাব দিয়েছিলেন। যদিও পরে তিনি সেই পোস্টটি ডিলিট করে দিয়েছিলেন, তবুও তাকে সংযুক্ত করা হলো। তিনি লেখেন, ‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না। ভালো থাকবেন সবাই।’
মো. রেজাউল করিম যুগান্তরকে জানান, নিউজটি শেয়ার করার কারণে পুলিশ সদরদপ্তরের ডিআইজি কনফিডেনশিয়াল মো. কামরুল আহসান তাকে বকাঝকা করেছেন। উল্লেখ্য, মো. কামরুল আহসান সম্প্রতি অতিরিক্ত আইজি পদে পদোন্নতি পেয়েছেন। এ বিষয়ে জানতে মঙ্গলবার রাতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি এবং তার দপ্তরে গিয়ে কথা বলার পরামর্শ দেন।
মো. রেজাউল করিম ২৯তম বিসিএস ব্যাচে ২০১১ সালে পুলিশে যোগদান করেন। তিনি মুক্তাগাছা এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, এভসেক ও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কাজ করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত এই কর্মকর্তা রাজবাড়ীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। এছাড়া কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে থাকাকালে হারানো মোবাইল উদ্ধার ও পর্যটকবান্ধব বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তিনি প্রশংসিত হয়েছিলেন। বর্তমানে তিনি সিটি এসবিতে কর্মরত ছিলেন।

