এনজো ফার্নান্দেজকে পেতে ২ হাজার কোটি টাকার প্রস্তাব ম্যানসিটির

২০২৩ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব চেলসিতে দারুণ সময় পার করছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার এই পারফরম্যান্সে মুগ্ধ হয়ে এবার তাকে নিজেদের ডেরায় ভেড়াতে বড় অঙ্কের প্রস্তাব প্রস্তুত করেছে ম্যানচেস্টার সিটি। ব্লুজদের এই তারকাকে দলে নিতে সিটিজেনরা ১২০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৭ কোটি ৪ লাখ টাকার প্রস্তাব দিতে যাচ্ছে।

ম্যানচেস্টার সিটির নতুন কোচ এনজো মারেস্কা নিজের মাঝমাঠ নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন এবং এই প্রক্রিয়ায় এনজো ফার্নান্দেজকে মূল টার্গেট হিসেবে চিহ্নিত করেছেন। দলবদল বিষয়ক বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, এনজো ফার্নান্দেজ নিজেও ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। মূলত বর্তমান কোচ এনজো মারেস্কার সঙ্গে ফার্নান্দেজের সুসম্পর্কই তাকে ইত্তিহাদে নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে।

ম্যানচেস্টার সিটির মাঝমাঠে বর্তমানে বেশ বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রদ্রি বার্সেলোনায় যোগ দিয়েছেন, এছাড়া বার্নার্দো সিলভা এবং তিজানি রেইন্ডার্সের মতো খেলোয়াড়রা ক্লাব ছাড়ায় মাঝমাঠের শক্তি আগের চেয়ে কমেছে। এই ঘাটতি পূরণের জন্য ম্যানসিটি মরিয়া হয়ে উঠেছে। যদিও এই দলবদল উইন্ডোতে তারা ইলিয়েট অ্যান্ডারসন এবং আইয়ুব বুয়াদ্দিকে দলে অন্তর্ভুক্ত করেছে, তবুও চেলসি থেকে ফার্নান্দেজকে দলে ভেড়াতে পারলে তাদের মাঝমাঠের শক্তি পূর্ণতা পাবে বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।