দক্ষিণ আফ্রিকা সফরে ভরাডুবির পর বাংলাদেশ ‘এ’ দলে ৬ পরিবর্তন

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ ইনিংস এবং ৪১৩ রানে পরাজিত হয়েছে। ম্যাচে দুই ইনিংসেই নাইম শেখ, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনরা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন।

এমন শোচনীয় হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের স্কোয়াডে মোট ৬টি পরিবর্তন এনেছে। বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অলিন।

আগামী ৩০ আগস্ট পচেফস্ট্রুমে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে। এরপর বাংলাদেশ ও প্রোটিয়া ‘এ’ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। ওয়ানডে ম্যাচগুলো যথাক্রমে ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ 'এ' দল: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।