নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করছে নির্বাচন কমিশন

আগামী নভেম্বর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছে। মূলত নভেম্বর মাসকে টার্গেট করেই তাদের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে করার বিষয়ে ইসির নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচনের উপযুক্ত সময় হিসেবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসকে নির্বাচন মৌসুম হিসেবে বিবেচনা করছেন তারা। এই সময়ের মধ্যে পূজা, ঈদ ও রমজানের মতো উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানগুলো বাদ দিয়ে নির্বাচনের সময়সূচি নির্ধারণের পরিকল্পনা রয়েছে কমিশনের।