সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা একটি প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় এই প্রতারণার মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন।
এর আগে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অপর এক মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। সেই রায়ে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
২০০৮ সালে দায়ের করা মামলার বিবরণে জানা যায়, মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী বারিধারার প্রেসিডেন্ট পার্কে একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশা সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করেন। ২০০১ সালের ১ জুলাই বিদিশা তাঁকে ফ্ল্যাটটি দেখান এবং ৮০ লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেন। চুক্তি অনুযায়ী, ১০ জুলাই বনানীর রজনীগন্ধা অফিসে আব্দুল রাজ্জাক নামের এক ব্যক্তির নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার নেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি দেওয়া ৭২ লাখ টাকার চেক পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়। বাদী মোশাররফ হোসেন অভিযোগ করেন, বিদিশা টাকা বা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে না দিয়ে বরং তাঁকে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন।

