রংপুর পুলিশ কমিশনার পদে রদবদল, নতুন দায়িত্ব পেলেন মাহবুবুর রশীদ

রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে বদলি করা হয়েছে। এছাড়াও, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলির আদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী ও সন্তানসহ চারজনকে হত্যার ঘটনায় মোহাম্মদ আবদুল মাবুদ একটি সংবাদ সম্মেলন করেছিলেন। হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। পুলিশ তখন জানিয়েছিল যে, এই হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।