বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কোনো সদস্য এখন থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বাণিজ্যিক কোচিং কার্যক্রমে অংশ নিতে পারবেন না। সরাসরি বা ডিজিটাল—যেকোনো প্ল্যাটফর্মেই এ ধরনের কার্যক্রম পরিচালনা বা এর সঙ্গে সম্পৃক্ত হওয়া নিষিদ্ধ করা হয়েছে। গত সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ বিষয়ে একটি বিশেষ পরিপত্র জারি করা হয়েছে।

বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখা এবং সার্ভিসের সদস্যদের পেশাগত মর্যাদা, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিপত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, কোনো বিচারক বা জুডিশিয়াল সার্ভিসের সদস্য বাণিজ্যিক উদ্দেশ্যে নিজের নাম, পরিচয়, পদবি বা ছবি কোনো কোচিংয়ের প্রচারণায় ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে, অন্য কাউকে এ ধরনের ব্যবহারের অনুমোদন দেওয়া থেকেও তাদের বিরত থাকতে বলা হয়েছে।

বিচারিক দায়িত্ব পালনের সময় প্রাপ্ত কোনো দাপ্তরিক, গোপনীয় বা অপ্রকাশিত তথ্য কোচিং কার্যক্রমে সরবরাহ বা প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত কোচিংয়ের জন্য কোনো শিক্ষাসামগ্রী তৈরি, সম্পাদনা, সরবরাহ বা প্রকাশ করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরিপত্রের বিধানগুলো লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে প্রচলিত শৃঙ্খলাসংক্রান্ত আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।