নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৪০৩ জন পর্যটক নিখোঁজ এবং ৯৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বুধবার দেশটির বিভিন্ন এলাকায় বন্যার পানিতে জনপদ তলিয়ে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ও ভ্রমণ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে শত শত পর্যটক, শ্রমিক ও অন্যান্য মানুষ নিখোঁজ রয়েছেন।
এমন পরিস্থিতিতে নেপালে অবস্থানরত ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমের নিরাপত্তা নিয়ে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তার মাধ্যমে স্বস্তির খবর জানিয়েছেন অপু বিশ্বাস।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অপু বিশ্বাস লিখেছেন, ‘ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন- আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।’
সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও জানান, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’
হিমালয়কন্যা খ্যাত নেপালের বিভিন্ন জনপদ তলিয়ে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ও ভ্রমণ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস ও তার পুরো টিম।

