মার্কিন ডলারের বিপরীতে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে ইরানের জাতীয় মুদ্রা রিয়াল। সোমবার অনানুষ্ঠানিক মুদ্রা বাজারে ডলারের বিপরীতে রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এ সময় প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য রেকর্ড ২০ লাখ ২০ হাজার (২.০২ মিলিয়ন) রিয়ালে দাঁড়িয়েছে। মূলত ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারির প্রস্তুতির মধ্যে দেশটির মুদ্রাবাজারে এই ধস নামল বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং টানা প্রায় ছয় মাসের যুদ্ধ পরিস্থিতিতে ইরানের অর্থনীতি বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক বিনিময় হার প্রতি ডলারে প্রায় ১৫ লাখ রিয়াল হলেও, সাধারণ ইরানিরা মূলত অনানুষ্ঠানিক বাজার থেকেই বৈদেশিক মুদ্রা লেনদেন করে থাকেন। এর মধ্যেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন, যাকে তিনি ‘অর্থনৈতিক ডি-ডে’ বলে অভিহিত করেছেন।
এই নতুন পদক্ষেপে ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত থাকা তৃতীয় দেশগুলোর ওপরও সেকেন্ডারি নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রশাসনের। এদিকে, নানামুখী সংকট সত্ত্বেও হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। বৈশ্বিক তেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথটি দিয়ে অননুমোদিত জাহাজ চলাচলের বিষয়ে দেশটি কড়াকড়ি আরোপ করে রেখেছে।

