ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ইরান সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সোমবার তেহরানে পৌঁছানোর পর তিনি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেছেন।

বার্তা সংস্থা ফার্সের তথ্যমতে, তেহরান সফরকালে আসিম মুনির ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, সেনাপ্রধানের এই সফর মূলত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রসারে পাকিস্তানের চলমান প্রচেষ্টার একটি অংশ। এছাড়া, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের পথ খোঁজার ওপরও তিনি বিশেষ গুরুত্ব দেবেন।

উল্লেখ্য, এই সফরে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।