মস্কোর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তা রুশ প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন এস জয়শঙ্কর। একই সঙ্গে তিনি মোদির একটি ব্যক্তিগত চিঠিও ভ্লাদিমির পুতিনের হাতে তুলে দেন।
মস্কোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে ভ্লাদিমির পুতিন বলেন, তার এই সফর ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘ কয়েক দশক ধরে বজায় থাকা সম্পর্কের গভীরতা ও শক্তিকে পুনরুল্লেখ করছে। পুতিনকে উদ্ধৃত করে জানানো হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন এবং মন্তব্য করেছেন যে, এই সফর দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের মাত্রাকেই তুলে ধরে।
রুশ প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, দুই দেশের সরকার, সংসদ এবং অর্থনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিয়মিত সহযোগিতা বজায় রয়েছে। ২০২৬ সালেও ভারত ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে এবং প্রায় প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হচ্ছে বলে তিনি জানান।
বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ইতোমধ্যে ভারত-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে দুই দেশের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে অত্যন্ত ইতিবাচক মূল্যায়ন করা হয়েছে। তিনি বলেন, সামগ্রিকভাবে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নিতে ভারতের গভীর আগ্রহের কথাও পুতিনকে জানান জয়শঙ্কর।
এ ছাড়া বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য মোদি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একই সঙ্গে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানাতেও নয়াদিল্লি প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

