বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশ

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদার সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, গত ১৩ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্তের আলোকেই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে এই জাতীয় কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।

জাতীয় কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসন এবং আশকোনা ও জেদ্দা হজ অফিসসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে এই বিশেষ কর্মসূচি পালন করা হবে।

আয়োজিত আলোচনা সভাগুলোতে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্মের পাশাপাশি ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে।