বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সদস্য সংগ্রহে ইবি’র ব্যতিক্রম জোট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্যক্রম আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

শনিবার (২২ আগস্ট) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সদস্য করার প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে ফর্ম পূরণের পাশাপাশি ক্যাম্পাসের ঝাল চত্বর থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরাসরি সদস্য সংগ্রহের ফর্ম সংগ্রহ করতে পারবেন।

সংগঠনটির পরিচালক আবু সুফিয়ান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন ও প্রতিভাবান শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজস্ব শিল্পীসত্তা ও প্রতিভাকে বিকশিত করার সুযোগ লাভ করবে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই সাংস্কৃতিক সংগঠনটি সুস্থ ধারার সংস্কৃতি চর্চার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কাওয়ালি, অভিনয় ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে থাকে।