শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার মাধ্যমে নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের স্কুল-কলেজগুলোতে কারিগরি শিক্ষা চালুর বিশেষ উদ্যোগ নিয়েছে। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা গ্রহণ করা হবে। খেলাধুলার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অংশ নিতে হবে, যেখানে ছয়-সাতটি খেলার মধ্য থেকে তারা নিজেদের পছন্দমতো খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এর জন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার সুযোগ থাকবে। এছাড়া ঢাকাকে পরিচ্ছন্ন রাখা ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে। বৃক্ষরোপণে উৎসাহিত করে তিনি বলেন, আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে, আর পরিবেশ ভালো থাকা মানেই আমাদের সবার লাভ।

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়ই তাদের ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার পাশাপাশি সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন ও উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।