জার্মানিতে উচ্চশিক্ষার ভিসা আবেদন সহজ করতে নতুন ডিজিটাল পোর্টাল

জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে নতুন ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে জার্মান দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ তারিখ থেকে ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ নামে একটি নতুন অনলাইন ব্যবস্থা চালু করা হচ্ছে। এই পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই ভিসার আবেদন সম্পন্ন করা, প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া এবং আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট পাওয়ার সুবিধা পাবেন।

বর্তমানে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমাগত বাড়ছে, তবে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেকে ভোগান্তির শিকার হন। নতুন এই পোর্টাল চালুর ফলে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা দূতাবাসে সশরীরে উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে পারবেন। এছাড়াও, জমা দেওয়া নথিপত্র ভিএফএস (VFS)-এর মাধ্যমে প্রাথমিকভাবে যাচাই করার সুযোগ রাখা হয়েছে। পরবর্তীতে নির্ধারিত দিনে আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি গ্রহণ এবং চূড়ান্ত নথিপত্র যাচাই করা হবে।

পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদনের ক্ষেত্রেও নতুন এই ডিজিটাল ব্যবস্থায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। নতুন পোর্টাল চালুর ফলে ভিসা আবেদন যাচাইয়ের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করছে জার্মান দূতাবাস। তবে আবেদনকারীর ধরন ও পরিস্থিতির ওপর ভিত্তি করে ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।

দূতাবাস জানিয়েছে, নতুন পোর্টাল চালুর ফলে বিদ্যমান অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের নতুন করে আবেদন করতে হবে। এ জন্য তাদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে পুনরায় অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও এই পরিবর্তনটি সাময়িকভাবে শিক্ষার্থীদের জন্য কিছুটা ভোগান্তির কারণ হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এটি আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়াবে এবং অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমিয়ে আনবে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে।