তথ্য-প্রমাণ ছাড়া কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক রুকুনোজ্জামান রোকন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ‘ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ: গণমাধ্যমের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, ব্যক্তিগত অপরাধ থাকলে তা গণমাধ্যমে তুলে ধরা যেতে পারে, কিন্তু কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করলে তা সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের ক্ষতি করে। তিনি সম্প্রতি সিটি কর্পোরেশনকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, যে তথ্যের কোনো অস্তিত্ব নেই, সেই তথ্যের দায় চাপিয়ে সংবাদ প্রকাশ করা অপসাংবাদিকতার শামিল। তিনি সংবাদমাধ্যমের কাছ থেকে সত্য ও নির্ভরযোগ্য তথ্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ডেঙ্গুর খবরে ‘রেডজোন’ শব্দটি ব্যবহার করলে পাঠক সমাজে আতঙ্ক সৃষ্টি হয়, যা গণমাধ্যম কর্তৃপক্ষের বিবেচনায় রাখা উচিত। নগরীর বস্তিবাসী বর্তমানে আগের চেয়ে ভালো আছেন এবং মশক নিধনে প্রতিদিন ওষুধ ছিটানো হচ্ছে বলেও তিনি জানান। এছাড়া, পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকলে নগরীতে নতুন কোনো বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হবে না বলে তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।
ক্লাবের চিকিৎসা উপকমিটির আহ্বায়ক সাংবাদিক নিয়ামুল কবীর সজলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ও ডেঙ্গু ফোকাল পারসন অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান। তিনি বয়স্ক, গর্ভবতী, কিডনি ও ডায়াবেটিস রোগীদের ডেঙ্গু ঝুঁকি বেশি উল্লেখ করে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা, মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম এবং প্রেসক্লাব সদস্য মীর গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

