নাটোরের লালপুর উপজেলায় সোমবার দুপুরে বেপরোয়া গতিতে চলা একটি শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় মো. শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর এলাকার মো. সাজদারের ছেলে।
দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে উপজেলার দুড়দড়িয়া ইউনিয়নের বাঘা-লালপুর হাইওয়ে সড়কের বেরিলাবাড়ী মৌজায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং একটি অটোরিকশা যাত্রীসহ সড়কের পাশে দাঁড় করানো ছিল। এ সময় চালক শাহজাহান অটোরিকশার ডান পাশে পর্দা লাগানোর কাজে ব্যস্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে লালপুরের দিক থেকে বাঘাগামী দ্রুতগতির ওই স্টিয়ারিং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় শাহজাহান সড়কের ওপর ছিটকে পড়ে যান এবং স্টিয়ারিং গাড়ির রডের আঘাতে তার কপালে গুরুতর ক্ষতসহ বাম হাতে মারাত্মক জখম হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অটোরিকশার যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে স্টিয়ারিং গাড়ির চালক মো. সবুজকে (২৪) আটক করে। উত্তেজিত জনতা এ সময় চালক সবুজকে মারধর করে আহত করে।
খবর পেয়ে লালপুর থানার এসআই মনির হোসেন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চালক সবুজকে পুলিশ হেফাজতে নেন এবং নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত স্টিয়ারিং গাড়িটি জব্দ করেছে। তবে নিহতের অটোরিকশাটি তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

